মোহাম্মদ হোসেন (সুমন):
কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও জননিরাপত্তা জোরদারে জেলা আইনশৃঙ্খলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) কক্সবাজারে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক প্রভাব এড়াতে মাদক কারবারিদের তালিকা প্রকাশ করা হবে না। তবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। পাশাপাশি শহরের যানজট নিরসনে অটোরিকশা ও টমটম পর্যায়ক্রমে কমিয়ে আনার সিদ্ধান্তের কথাও জানান। নতুন করে টমটমের লাইসেন্স নবায়ন না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এছাড়া কক্সবাজার শহরকে সম্পূর্ণভাবে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সভায় আলোচিত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আলোচিত ওসমান হাদী হত্যা মামলা। এ মামলার পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনার জন্য ইতোমধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট দেশে চিঠি পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সভা শেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
এ সময় সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গৃহীত নানা উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরেন।
সভায় জানানো হয়, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।