কক্সবাজারে দোকান জবরদখল, চাঁদা দাবি ও হামলার অভিযোগ

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকার এস. আলী মার্কেটে একটি দোকান জবরদখলের চেষ্টা, চাঁদা দাবি, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবসায়ী সরওয়ার জামাল (৪৮) কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, বাজারঘাটার এস. আলী মার্কেটে অবস্থিত তার ব্যবসাপ্রতিষ্ঠান “মিশিগান বিতান ও ডাল পিঠার মেশিন” দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন। গত কয়েক মাস ধরে একটি পক্ষ দোকানটি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, দোকান পরিচালনা করতে দিতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, ১৬ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলতে গেলে অভিযুক্ত ব্যক্তি দোকানে তালা লাগিয়ে দেন এবং পুনরায় টাকা দাবি করেন। এ সময় তাকে মারধর করা হলে তিনি আহত হন এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আজ (৩০ জুন ২০২৬) সকালে ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে দেখা যায়, এস. আলী মার্কেটে স্থানীয় ব্যবসায়ী ও উপস্থিত কয়েকজন ব্যক্তি জানান, সরওয়ার জামাল দীর্ঘদিন ধরে ওই দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তাকে ওই দোকানে ব্যবসা করতে দেখে আসছেন এবং বিষয়টি তাদের জানা। কয়েকজন প্রত্যক্ষদর্শীও একই ধরনের বক্তব্য দেন।

তবে দোকানের মালিকানা, দখল এবং অভিযোগের অন্যান্য বিষয় তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন বলে স্থানীয়রাও মত দেন।

এ বিষয়ে অভিযুক্ত পক্ষ জানান, “এটি আমি উকিলের কাছ থেকে দোকান নিয়েছি।”

স্থানীয় ব্যবসায়ীরা ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনার ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *