কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক

মোহাম্মদ হোসেন সুমন:

কক্সবাজারের সার্বিক উন্নয়নে সমন্বিত, স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। তারা বলেন, পর্যটননির্ভর এই জেলার টেকসই উন্নয়নের জন্য অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং নাগরিক সেবার সম্প্রসারণ জরুরি।

শনিবার কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত “কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয়” শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, কক্সবাজারের উন্নয়নে পর্যটন খাতকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসন, পাহাড় কাটা বন্ধ, বনসম্পদ রক্ষা, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সুপেয় পানির সংকট সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এছাড়া তারা কক্সবাজারে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা, দ্বীপাঞ্চল ও উপকূলীয় এলাকার জন্য সি-অ্যাম্বুলেন্স চালু, রামু সদরকে পৌরসভা ঘোষণা, টেকনাফ স্থলবন্দর চালু, নাফ নদী জেলেদের জন্য উন্মুক্ত করা এবং চট্টগ্রাম-আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবি জানান।

পাশাপাশি কক্সবাজার-মহেশখালী সেতু নির্মাণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, নারীদের নিরাপদ জীবন নিশ্চিত করা, ক্রীড়ার উন্নয়ন, চাঁদাবাজি ও দখলবাজি নিয়ন্ত্রণ এবং সমুদ্রসৈকতে দখলদারিত্ব বন্ধের বিষয়েও জোর দেন বক্তারা।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবদুস শুক্কুর সিআইপি, কক্সবাজার সাহিত্য একাডেমির সভাপতি সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, নজরুল-আব্বাস উদ্দিন সেন্টারের পরিচালক অ্যাডভোকেট রমিজ আহমদ, কক্সবাজার পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, সাংবাদিক ও রাজনীতিবিদ রুহুল কাদের বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি ও কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাদ্দিস মাওলানা আমিরুল ইসলাম মীর, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক ওমর ফারুক, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা জিয়াউল হক জিয়া, কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ছমিউদ্দিন, কক্সবাজার ট্যুরিস্ট ক্লাবের চেয়ারম্যান এম রেজাউল করিম রেজা, গণঅধিকার পরিষদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট রোকনুজ্জামান ও সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার আর-রাহমান ইউনিভার্সাল একাডেমির চেয়ারম্যান অধ্যক্ষ রিয়াদ হায়দার, এবি পার্টির কক্সবাজার পৌর শাখার সভাপতি রফিক আহমদ ডালিম, যুব অধিকার পরিষদের জেলা সভাপতি এম এ মান্নান, জাতীয় ছাত্র শক্তির জেলা মুখপাত্র জিনিয়া শারমিন রিয়া, জুলাইযোদ্ধা সাঈদ স্বাধীন, এস এম আতহার সাকিফ, আবদুল কাইয়ুম, আশফিক রহমান, মুহাম্মদ ইসমাঈল হোসাইন, সাইদুল ইসলাম, এনজিও কর্মকর্তা আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ওসমান গনি, নারী অধিকার পরিষদের শারমিন সুলতানা, শিক্ষক মাওলানা হাফেজ হামিদুল হক, সিভিল সোসাইটির প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিন, সংগঠক আরিয়ান খান ফারাবি, সিপিএন পরিচালক আজিম উদ্দিন, সাংবাদিক নেতা শেখ আলাউদ্দিন, কবি মুহাম্মদ সেলিম রেজা, নারী সাংবাদিক উম্মে হাবিবা শিরু এবং মেডিকেল শিক্ষার্থী জোবাইদা আনজুম প্রিয়াসা।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স ও নির্বাহী সদস্য কামরুল হাসান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানের শুরুতে সহসভাপতি অধ্যাপক কবির ছিদ্দিকী অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াত করেন।

এ সময় কক্সবাজার জেলা প্রেসক্লাবের সদস্য এম কে আলম চৌধুরী, রেজা চৌধুরী, এরফানুল হক, রতন দাশ, নুর মোহাম্মদ, হামিদ উল্লাহ, মনছুরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ মাসুম, শওকত আলম, কোহিনূর হেলাল, মনজুর আলম, তারেক মুহাম্মদ ইকবাল, সুধীর চন্দ্র দাস, হোসাইন শরীফ, মুজিবুর রহমান ও সাদ্দাম হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *