অনলাইন ডেস্ক:
কম্বোডিয়ার রাজধানী নমপেনে অনলাইন স্ক্যাম কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিদেশিদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে তাদের আটক করা হয়।
কম্বোডিয়ান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অভিযানের সময় ৯ বাংলাদেশি নাগরিকের সংশ্লিষ্টতায় পরিচালিত একটি সন্দেহভাজন অনলাইন স্ক্যাম কার্যক্রমের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানকালে পুলিশ বেশ কিছু আলামত জব্দ করে। এর মধ্যে রয়েছে ছয়টি অল-ইন-ওয়ান কম্পিউটার, ১৫টি মোবাইল ফোন এবং কিছু জাল মার্কিন ডলার নোট।
আটক ৯ বাংলাদেশি নাগরিক ও জব্দ করা আলামত পরবর্তী তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল পুলিশ কমিশারিয়েটে পাঠানো হয়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নমপেন মিউনিসিপ্যাল কোর্টের প্রসিকিউটরের কাছে পাঠানো হয়েছে।