নিজস্ব প্রতিবেদক ::
রাজধানীর কাঁটাবনের আল বারাকা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মো. জনি (২৪) ও আবদুস সালাম (২০) নামে দুই তরুণের মৃত্যু হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। পরে ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনের পর ভবন থেকে দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। গুরুতর আহত আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এবং জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আহতদের নিয়ে আসা মো. নাজমুল ও সরোয়ার জানান, এলিফ্যান্ট রোডের কাঁটাবনে অবস্থিত আল বারাকা টাওয়ারের ১০ম ও ১১তম তলায় আগুন লাগে। আগুনের ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জনি ও আবদুস সালাম।
তারা আরও জানান, নিহত আবদুস সালামের বাড়ি বগুড়া জেলার কাহালু উপজেলার বড় ভাদাহার এলাকায়। তিনি মো. সেলিম সরকারের ছেলে এবং আল বারাকা টাওয়ারের ১১তম তলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমানের ক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।
অন্যদিকে, নিহত জনির বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার বাবুন্দিয়া গ্রামে। তিনি বাবুল মিয়ার ছেলে এবং সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলে ব্যারিস্টার মোয়াজের ক্লার্ক হিসেবে দায়িত্ব পালন করতেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।