বিনোদন ডেস্ক:
কানাডার ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর ১২তম আসরে তিনটি পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘রইদ’। এর মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও পেয়েছে সিনেমাটি।
‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি। চরিত্রটিতে অভিনয়ের জন্যই তিনি উৎসবের সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন।
‘রইদ’-এর একসঙ্গে তিনটি পুরস্কার জয়ের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ শিল্পী ও কলাকুশলীরা। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কার পাওয়ার খবরটি শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন।
কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে পরিচিত ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’। দীর্ঘদিন ধরে আয়োজিত এই উৎসব দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নির্মাতাদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে কাজ প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।
এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের সিনেমা ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও জায়গা করে নিয়েছিল ‘রইদ’। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি প্রদর্শিত হয়েছে।
এ বছর অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্যও ‘রইদ’ নির্বাচন করা হয়েছে। ফলে আন্তর্জাতিক উৎসবে সাফল্যের পাশাপাশি অস্কারেও বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত ‘রইদ’-এ অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। সিনেমাটিতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।