কাপাসিয়ায় প্রতিবেশী সন্ত্রাসীদের হামলায় একই পরিবারের ৩ জন আহত, স্বর্ণালঙ্কার লুট

হাজী সাইফুল ইসলাম:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক প্রতিবেশী পরিবারের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন এবং ভুক্তভোগীদের দাবি অনুযায়ী হামলাকারীরা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি (রবিবার) সকাল আনুমানিক ১০টার দিকে নরসিংহপুর গ্রামের মোঃ শফিকুল ইসলাম (৪৫) ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবেশী মোঃ শরীফ হায়দারের বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শরীফ হায়দার এর প্রতিবাদ করলে বিবাদীরা লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

শরীফ হায়দারকে বাঁচাতে তার ছোট ভাই আল মামুন ও মা মমতাজ বেগম এগিয়ে এলে তাদের ওপরও নৃশংস হামলা চালানো হয়। হামলায় আল মামুনের কান ফেটে রক্তক্ষরণ হয় এবং মমতাজ বেগমের হাতে কাঁচি দিয়ে জখম করা হয়। অভিযোগ অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীরা মমতাজ বেগমের গলা থেকে আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শরীফ ও তার মাকে ছেড়ে দেওয়া হলেও আল মামুনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এই ঘটনায় শরীফ হায়দার বাদী হয়ে শফিকুল ইসলামসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা বর্তমানে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। কাপাসিয়া থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *