আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের কলকাতায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে চুম্বন করার অভিযোগে এক তরুণ, তাঁর বাবা ও বন্ধুকে নগ্ন করে রাস্তায় হাঁটতে বাধ্য করার অভিযোগ উঠেছে কিশোরীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কিশোরীর বাবা, মামা ও মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২৫ অক্টোবর) কলকাতার সরশুনা থানা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার তিনজন হলেন কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন ও মা রিঙ্কু সরকার।
পুলিশ সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় ১৮ বছর বয়সী এক তরুণ কলকাতার খালপাড় মাঠে ১৩ বছর বয়সী ওই কিশোরীর সঙ্গে দেখা করতে যান। তাঁর সঙ্গে ছিলেন ১৯ বছর বয়সী এক বন্ধু। কথাবার্তার একপর্যায়ে তরুণ কিশোরীকে চুম্বন করেন বলে অভিযোগ। ঘটনাটি কিশোরীর মামার এক বন্ধু দেখে ফেলেন এবং বিষয়টি তাঁর বাবা ও মামাকে জানান। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ অনুযায়ী, কিশোরীর বাবা প্রদীপ সরকার ও মামা রাহুল বর্মন দুই তরুণকে ক্ষুদিরামপল্লিতে তাঁদের বাড়িতে ডেকে নেন। পরে রাহুল ফোন করে তাঁর আরও কয়েকজন বন্ধুকে সেখানে আসতে বলেন। বাড়িতে দুই তরুণকে দীর্ঘ সময় ধরে হেনস্তা করা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর তরুণের বাবাকেও সেখানে ডেকে নেওয়া হয়। অভিযোগ, কিশোরীর পরিবারের সদস্যরা তিনজনের মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁদের পোশাক খুলতে বাধ্য করেন। পরে বাড়ির সামনের রাস্তায় তাঁদের নগ্ন অবস্থায় প্রায় ৫০ মিটার হাঁটতে বাধ্য করা হয়।
এ ঘটনায় সোমবার (২৬ অক্টোবর) তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় মামলা করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুনের চেষ্টা, বিপজ্জনক অস্ত্র দিয়ে আঘাত, অপহরণ, বেআইনিভাবে আটকে রাখা, অপমান ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি অস্ত্র আইনের ধারাও যুক্ত করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় প্রদীপ সরকার, রাহুল বর্মন ও রিঙ্কু সরকারকে গ্রেপ্তার করেছে। মামলায় আরও যাঁদের নাম রয়েছে, তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্তের চূড়ান্ত ফল এখনো জানা যায়নি।