কুপিয়ে জখম করা হলো এনসিপি নেতাকে

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর তানোরে পলাশ আলী (৩৫) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গাছের সঙ্গে বেঁধে লাঠিপেটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত পলাশ আলী এনসিপির তানোর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে। হামলার পর তাকে উদ্ধার করে প্রথমে তানোর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পলাশ আলী প্রাণপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে কৃষ্ণপুর মোড়ে পৌঁছালে এলাকার কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন। পরে তাকে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।

পলাশ আলী ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হামলাকারীদের কয়েকজন তার পূর্বপরিচিত ও আত্মীয়। একটি এনজিওর মালিকানা ও লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এর জেরেই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় আরাফাতুল আলম (৩৭), আফজাল হোসেন (৩৩), আফসার আলী (৩৫) ও মোস্তাফিজুর রহমান (৪২)সহ আরও কয়েকজনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাদের বাড়ি তানোর উপজেলার প্রাণপুর ও জুমারপাড়া এলাকায়। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলী বলেন, পারিবারিক পূর্ববিরোধের জেরেই এনসিপি নেতা পলাশ আলীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। তিনি ঘটনার তদন্ত করে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার বিষয়ে তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, একটি এনজিওর অংশীদারত্ব ও লেনদেনসংক্রান্ত বিরোধ নিয়ে কিছুদিন আগে সংশ্লিষ্টরা থানায় এসেছিলেন। তখন বিষয়টির সমাধান হয়নি। ওই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

ওসি আরও জানান, এনসিপির জেলা নেতারা তাকে ফোন করে জানিয়েছেন, শনিবার দিনের মধ্যে তারা থানায় এজাহার দায়ের করবেন। এজাহার পাওয়ার পর সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *