কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ, তিন বছর মেয়াদে নিয়োগ

মোঃআনজার শাহ

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে  আশিকুর রহমান মাহমুদকে নিয়োগ দিয়েছে সরকার। পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১)-এ প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে তিন বছর মেয়াদের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে গত ৯ আগস্ট ২০২৬ তারিখে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সরকারের পক্ষে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মোছা. আফরোজুন নেছা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫-এর ধারা ৭(১) অনুযায়ী জনাব আশিকুর রহমান মাহমুদ, পিতা হাজী আব্দুর রহিম মাহমুদ, মাতা জাহানারা মাহমুদ, বাড়ি নম্বর ৪১৬, মুক্তেশ বাড়ি, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা-কে কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছর মেয়াদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কুমিল্লার পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় নতুন প্রত্যাশা:
সরকারের এই নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লার পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে। নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনায় কুমিল্লা ওয়াসার কার্যকর ভূমিকা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীর পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন নিয়ে নগরবাসীর মধ্যে নানা প্রত্যাশা রয়েছে। সরকারের এই নিয়োগের ফলে কুমিল্লা ওয়াসার কার্যক্রম আরও সুসংগঠিত ও জনমুখী হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর নিরাপদ ও মানসম্মত পানি নিশ্চিত করা, পানি সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ভবিষ্যৎ নগর সম্প্রসারণের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই অবকাঠামো গড়ে তোলাই এখন নতুন চেয়ারম্যানের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তাঁরা।

প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে:
প্রজ্ঞাপনের অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, অর্থ সচিব, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার এবং কুমিল্লার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ ছাড়া কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, কুমিল্লার জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপসচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একান্ত সচিব, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিস্টেম অ্যানালিস্টকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রজ্ঞাপনের অনুলিপি দেওয়া হয়েছে। সরকারি প্রজ্ঞাপনের আলোকে দায়িত্ব গ্রহণের পর এসব ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেই প্রত্যাশা কুমিল্লাবাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *