কুমিল্লা-বরুড়ায় বিএনপি প্রার্থী সুমনের পথসভায় জনসমুদ্র, ধানের শীষে ভোট চাইলেন

মোঃ আনজার শাহ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনে কুমিল্লার বরুড়ায় বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনের পক্ষে পথসভায় জনতার ঢল নেমেছে। গতকাল সোমবার বিকেলে শাকপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে হাজারো নেতাকর্মী ও সাধারণ ভোটার অংশ নেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের সংসদ সদস্য প্রার্থী জাকারিয়া তাহের সুমন নিশ্চিন্তপুর, কাঞ্চনপুর এমরানিয়া দাখিল মাদ্রাসা, লক্ষীপুর বাজার, চৌওরী আর্মি মার্কেট ও ধনিশ্বর বাজারসহ বিভিন্ন ভোট কেন্দ্রে গণসংযোগ করেন। শতশত নেতাকর্মী ঢাক-ঢোল বাজিয়ে উৎসবমুখর পরিবেশে ধানের শীষের প্রতীকে প্রচারণা চালান।
পথসভায় বক্তব্যে জাকারিয়া তাহের সুমন বলেন, “এ নির্বাচনটি একটি চ্যালেঞ্জিং মুহূর্ত। রাষ্ট্রের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার এসে হাল ধরেছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।”
তিনি বলেন, “আমি চাই বরুড়াকে একটি সুন্দর ও উন্নয়নমুখী উপজেলা হিসেবে গড়ে তুলতে। সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসা সেবা পায়, কৃষক যেন কৃষিজ সবজি উৎপাদন করে ন্যায্যমূল্য পায় এবং কর্মসংস্থানের সৃষ্টি হয়। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরে সহায়তা করব। প্রতিটি এলাকার রাস্তাঘাট সংস্কার ও পুনর্নির্মাণের মাধ্যমে আন্তঃযোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব।”
একই দিন বিকেলে বরুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট হয়ে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা বিএনপির সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র জসিম উদ্দিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলামসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রচারণার শেষ দিনে বরুড়ায় বিএনপির এই গণসমাবেশ ও পথসভা স্থানীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *