কুয়েতে দফায় দফায় ইরানি হামলা, বিমান চলাচলে ব্যাপক বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক  ::

কুয়েতে একদিনে অন্তত চার দফা হামলা চালিয়েছে ইরান। টানা সাত দিন ধরে ইসলামাবাদ সমঝোতা চুক্তি উপেক্ষা করে মার্কিন বাহিনীর সামরিক অভিযানের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান। এর ফলে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাময়িকভাবে উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের সাম্প্রতিক হামলার পর নিরাপত্তার স্বার্থে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এ পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তি এড়াতে কুয়েত এয়ারওয়েজ তাদের ফ্লাইটের সর্বশেষ সময়সূচি নিয়মিত যাচাই করার আহ্বান জানিয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কুয়েত এয়ারওয়েজ জানায়, আকাশপথ বন্ধ থাকায় অধিকাংশ ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, ফ্লাইটসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য বুকিংয়ের সময় নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস ও নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে আল জাজিরার এক সংবাদদাতা জানিয়েছেন, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রচেষ্টা চলাকালে চতুর্থবারের মতো বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এতে রাজধানীজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুয়েতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জনগণকে বিস্ফোরণের শব্দে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার কারণেই এসব বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় টানা সাত রাত ধরে ইরানে সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইরান। দেশটির কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মার্কিন বাহিনী হামলা অব্যাহত রাখলে ইরান পূর্ণমাত্রার যুদ্ধে যেতে বাধ্য হবে।

শুক্রবার রাতের হামলার পর দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি বলেন, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে ইরান শুধু পাল্টা হামলায় সীমাবদ্ধ থাকবে না; বরং পূর্ণমাত্রার যুদ্ধে অংশ নেবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই নিরাপদ থাকবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *