মোঃআনজার শাহ
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের ‘সন্ত্রাসীরা’ রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে এই অভিযোগ তুলে ধরেন প্রতিমন্ত্রী।

‘রগকাটা জামায়াত-শিবির তার স্বরূপে ফিরেছে’ শিরোনামে দেওয়া পোস্টে নুরুল হক নুর লেখেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীদের ওপর জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে উপর্যুপরি হামলা চালিয়েছে।
তিনি জানান, এই হামলায় গুরুতর আহত হয়েছেন কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ছাত্র অধিকার পরিষদ কুষ্টিয়া সরকারি কলেজ শাখার সভাপতি সোহান আহমেদসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।
পোস্টে নুরুল হক নুর আরও লেখেন, জামায়াত-শিবিরের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তিনি। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত দেড় দশক যেভাবে দলটি প্রকাশ্যে সক্রিয় থাকতে পারেনি, বাড়াবাড়ি অব্যাহত থাকলে তেমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটানো হবে।
এদিকে একই দিন প্রকাশিত আরেকটি প্রতিবেদনে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হাসান আল মামুনও নিজের ফেসবুক পোস্টে অনুরূপ অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর উদ্দেশে কঠোর মন্তব্য করেন।