কেন্দুয়ায় কৃষক দলের নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, গ্রামে চরম উত্তেজনা

নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ইউনিয়নের রাজিবপুর গ্রামে কৃষক দলের এক নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত মোঃ হারুন রশিদ রাজিবপুর গ্রামের মৃত খাইরত আলীর ছেলে এবং স্থানীয়ভাবে কৃষক দলের সক্রিয় নেতা হিসেবে পরিচিত। সূত্রে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে এশার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

অভিযোগ রয়েছে, একই গ্রামের ফখর উদ্দিনের ছেলে মোঃ সাব্বির আহমেদ ফলেনসহ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলায় অংশ নেয়। হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে হারুন রশিদকে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।

আহত ব্যক্তির চিৎকারে মসজিদ ও বাজারে উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন। সেখানকার চিকিৎসকরাও অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা সরেজমিনে এলাকায় যান। স্থানীয় বাসিন্দারা হামলার সত্যতা স্বীকার করে জানান, পূর্বের বিভিন্ন বিরোধ ও দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, একজন রাজনৈতিক কর্মী ও কৃষক দলের নেতাকে নির্মমভাবে কুপিয়ে হত্যাচেষ্টা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *