কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আমিনুল ইসলাম সবুজের দোয়া ও সমর্থন কামনা

নাছিমা খাতুন সুলতানা:

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম তালুকদার সবুজ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, নির্বাচিত হলে তিনি জনগণের শাসক নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতে চান এবং আমৃত্যু সাধারণ মানুষের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে নিজেকে নিয়োজিত রাখবেন।

সম্প্রতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ৪ নম্বর গড়াডোবা ইউনিয়নকে একটি বৈষম্যহীন, আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আমিনুল ইসলাম সবুজ বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে কাজ করে আসছেন। জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের আন্তরিক সহযোগিতা ও সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রমে শতভাগ সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা দুর্নীতির শিকার না হন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জন্ম নিবন্ধন, নাগরিক সনদ, ওয়ারিশ সনদসহ ইউনিয়ন পরিষদের সব ধরনের সেবা সহজ, দ্রুত এবং দালালমুক্তভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও কালভার্ট সংস্কারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করা হবে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং জনসাধারণের ব্যবহৃত গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও ওএমএসসহ সরকারি বিভিন্ন সুবিধা যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

তরুণ সমাজের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আমিনুল ইসলাম সবুজ বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করা হবে। দক্ষ ও মানবিক তরুণ প্রজন্ম গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই সুখ-দুঃখের অংশীদার। ক্ষমতার লোভে নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গড়াডোবা ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। জনগণের একটি মূল্যবান ভোট ইউনিয়নের উন্নয়ন ও পরিবর্তনের পথ খুলে দিতে পারে।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে সকল ভোটারের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আপনাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে যদি ইউনিয়নের উন্নয়ন ও সেবার দায়িত্ব আমাকে দেন, তাহলে আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। জনগণের প্রতিটি পরামর্শ ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব ও সেবামূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।”

স্থানীয় বাসিন্দাদের মতে, নির্বাচনী প্রচারণার শুরুতেই উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার প্রতিশ্রুতি দিয়ে আমিনুল ইসলাম সবুজ ইউনিয়নবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি নিয়মিত জনগণের সঙ্গে যোগাযোগ রেখে এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করছেন বলেও জানান স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *