আবদুল আজিজ:
কেরানীহাট আল কুরআনুল কারিম ইনস্টিটিউটের শিক্ষার্থীরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতায় সমগ্র দেশের ১৬শত প্রতিযোগীর মধ্যে আল কুরআনুল কারিম ইনস্টিটিউটের ছাত্ররা এই কৃতিত্ব অর্জন করায় একটি সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
২৬ ডিসেম্বর শুক্রবার, বাদে মাগরিব, ইন্টারন্যাশনাল কুরআন শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারি শহিদুল মোস্তফা এবং আল কুরআনুল কারিম ইনস্টিটিউটের কর্ণদ্বার ক্বারি আনোয়ারুল হকের সঞ্চালনায় অত্র প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা ও কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের ডাইরেক্টর আজিজুল হক, কেরানীহাট নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি শহর মুল্লুক রাশেদ, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট নুরুল আবছার, আল কুরআনুল কারিম ইনস্টিটিউট প্রধান কার্যালয়ের প্রিন্সিপাল হাফেজ ক্বারি মাওলানা আবু সাঈদ, আল কুরআনুল কারিম ইনস্টিটিউট ভিআইপি শাখার প্রধান হাফেজ ক্বারি আব্দুল মজিদ এবং কেরানীহাট শাখার প্রধান হাফেজ ক্বারি জাহেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীহাটের প্রবীণ ব্যবসায়ী আব্দুল মান্নান, আল কুরআনুল কারিম ইনস্টিটিউটের অর্গানাইজার মুহাম্মদ শাকিল এবং প্রতিষ্ঠানটির শিক্ষক, ছাত্র, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের মাইল্য ও পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
সমগ্র বাংলাদেশের ১৬শত হাফেজের মধ্যে ৩০পারা গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন আল কুরআনুল কারিম ইনস্টিটিউটের কর্ণদ্বার হাফেজ ক্বারি আনোয়ারুল হকের ছেলে আব্দুল্লাহ আল সাইয়্যীদ। ১৫পারা গ্রুপে ২য় স্থান অধিকার করেছেন ইশায়াত আসসামী এবং একই গ্রুপে ৩য় স্থান অধিকার করেছেন আহেরার ইসলাম মাহের।
সম্বর্ধনা অনুষ্ঠান সভাপতির মুনাজাতের মাধ্যমে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় সমাপ্ত করা হয়।