আবদুল আজিজ:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে আট হাজার টাকার জাল নোটসহ জনতার হাতে ধরা পড়েছে প্রতারক চক্রের দুই সদস্য। জুমার নামাজের পর জাল নোট দিয়ে কেনাকাটার সময় হাতেনাতে আটক হলে তাদের গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
এতে সোহেল নামের এক ব্যক্তির মাথা ফেটে রক্তাক্ত হয়। গণপিটুনির ঘটনায় অপর এক সদস্যসহ মোট তিনজন আহত হয়েছেন। পরে সাতকানিয়া থানা পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে কেরানীহাটের বায়তুশ শরফ কমপ্লেক্সের মাঠ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
সরেজমিনে জানা গেছে, আনোয়ারা উপজেলা থেকে আসা ওই চক্রের সদস্যরা জুমার নামাজের পর স্থানীয় একটি রেস্তোরাঁয় খাবার খান। এরপর এক ফকিরকে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে ৯০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। পরে উপস্থিত জনতা তাদের হাতেনাতে আটক করে।
আটকের পর স্থানীয় একদল যুবক তাদের বায়তুশ শরফ মার্কেটের ট্রাক অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল টাকা ব্যবহারের কথা স্বীকার করেন। সেখানে মারধরের একপর্যায়ে ট্রাক অফিসের সদস্যরা তাদের বের করে দিলে উত্তেজিত জনতা মসজিদের মাঠে এনে পুনরায় মারধর শুরু করে।
এ সময় সোহেল নামের ওই ব্যক্তির মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। তার সঙ্গে থাকা সিএনজি চালক ইউসুফ এবং উৎসুক জনতার মধ্য থেকে আরও এক ব্যক্তি আঘাত পেয়ে আহত হন।
ঘটনার পর আহত এক ব্যক্তিকে স্থানীয় আশ-শেফা হাসপাতালে ভর্তি করিয়ে মারধরে জড়িতরা সেখান থেকে চলে যায়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও হাসপাতালে যায়। পরে তাদের ব্যবহৃত সিএনজিসহ দুই সদস্যকে আটক করে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ হেফাজতে থানায় নিয়ে যায়।
আটক সোহেল (পিতা: পেয়ারুল ইসলাম) ফটিকছড়ি উপজেলার ভূজপুর শান্তির হাট আমিন মাস্টার পাড়ার বাসিন্দা। তিনি আনোয়ারা উপজেলার জয়কালী বাজার নিউ মার্কেটের ‘লোকমান স্টোর’ নামের একটি জুতার দোকানে দীর্ঘদিন ধরে চাকরি করে আসছিলেন বলে জানা গেছে।
অপর আটক ইউসুফ (পিতা: মৃত জাফর) আনোয়ারা উপজেলার বটতলী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি পেশায় সিএনজি চালক।
আটক সোহেলের দাবি, ‘মারুফ’ নামে এক ব্যক্তি তাদের আট হাজার টাকার জাল নোট হাতে ধরিয়ে দিয়ে সিএনজি ভাড়া করে দিয়েছিলেন। তবে সোহেল ও ইউসুফ দুজনেই আট হাজার টাকার জাল নোটের বিষয়টি স্থানীয়দের কাছে স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, “জাল নোট চক্রের দুই সদস্যকে পুলিশ আটক করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আগামীকাল আদালতে পাঠানো হবে।”