কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এর পর্দা উঠছে শুক্রবার

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মরণে ও তাঁর নামে আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবর ২০২৬ (শুক্রবার, শনিবার ও রবিবার) ঢাকার ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবারের সামার অ্যাথলেটিকসে দেশের ৩৭টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, ০৭টি সামরিক ও বেসামরিক বাহিনী, ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ০২টি শারীরিক শিক্ষা কলেজ, বিকেএসপি ও ডাক বিভাগসহ ৫৭টি সংস্থার ৫৬৫ জন অ্যাথলেট (পুরুষ ৪৩১ জন ও মহিলা ১৩৪ জন) এবং ১১০ জন ম্যানেজার/কোচ অংশগ্রহণ করছেন।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ২৩ অক্টোবর ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের।

উক্ত প্রতিযোগিতা উপলক্ষে ২১ অক্টোবর বুধবার দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট আলী ইমাম তপন, যুগ্ম সম্পাদক মো. মনজুর মোরশেদ ও মাহবুবুল আলম টুকু এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আনোয়ার গ্রুপের চিফ মার্কেটিং অফিসার, বিএমডি আনোয়ার গ্রুপ ইন্ডাস্ট্রিজের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) গালিব মোহাম্মাদসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারা।

তিন দিনব্যাপী প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা—এই দুই গ্রুপে ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৮টি ইভেন্ট। প্রতিযোগিতার রানিং ইভেন্টের ফলাফল ও টাইমিংয়ের জন্য ইলেকট্রনিক ফটোফিনিশিং মেশিনের ব্যবস্থা থাকবে। এ ছাড়া প্রতিটি ইভেন্টের ফলাফল আধুনিক সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে দেখানো হবে। প্রতিযোগিতার ৭টি থ্রো ইভেন্ট আগামী ২৩ অক্টোবর সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, বনানী, ঢাকায় অনুষ্ঠিত হবে। ম্যারাথন ইভেন্ট ২৪ অক্টোবর ভোর ৫টায় পূর্বাচলের ৩০০ ফুট রোডে অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী অ্যাথলেটদের ফেডারেশনের পক্ষ থেকে যথাক্রমে ৬,০০০, ৫,০০০ ও ৩,০০০ টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে এবং রেকর্ডধারী অ্যাথলেটদের ২০,০০০ টাকা অর্থ পুরস্কার দেওয়া হবে। এবারের সামার অ্যাথলেটিকসের সেরা অ্যাথলেটকে এক্সপলয়েট কোম্পানির পক্ষ থেকে একটি ১০০ সিসি ইলেকট্রিক বাইক পুরস্কার হিসেবে দেওয়া হবে। সেরা অ্যাথলেট নির্বাচন করবে ফেডারেশনের তিন সদস্যের কমিটি।

সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের বলেন, ‘দেশের অ্যাথলেটিকস উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি, যার প্রথমটি হচ্ছে এবারের কোকো ১৮তম সামার অ্যাথলেটিকস আয়োজন। এ ছাড়া আমরা অ্যাথলেটিকসের স্থায়ী ভেন্যু নির্মাণ নিয়ে কাজ করে যাচ্ছি। ভেন্যুর জন্য আমরা পল্টনস্থ হ্যান্ডবল স্টেডিয়ামের পাশে থাকা কয়েক কাঠা জমিকে আপাতত বিবেচনায় রেখেছি।’ তিনি আরও বলেন, ‘১৩টি জেলাকে ট্যালেন্ট হান্টের জন্য নির্বাচন করেছি। পর্যায়ক্রমে বিভিন্ন জেলাকে এই কার্যক্রমের জন্য অন্তর্ভুক্ত করা হবে।’

সাধারণ সম্পাদক আলী ইমাম তপন বলেন, ‘কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা শেষে আমরা দীর্ঘমেয়াদি ক্যাম্প আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আসন্ন এসএ গেমসে আমাদের লক্ষ্য ১০টি পদক জয়। যার মধ্যে দুটি স্বর্ণপদক আশা করছি আমরা। লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে ভালো মানের অ্যাথলেট বের করে আনব।’

এবারের কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন’ এবং পাওয়ার্ড বাই ‘আনোয়ার ইস্পাত’। প্লাটিনাম স্পন্সর হিসেবে পাশে রয়েছে ওরিয়ন গ্রুপ, কাই অ্যালুমিনিয়াম, শেলটেক, টিকে গ্রুপ, মেঘনা গ্রুপ, আলফা এলিভেটর অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, গনি গ্রুপ, নোমান গ্রুপ, একেএস, রূপালী ব্যাংক লিমিটেড, প্রাণ গ্রুপ ও সামির এন্টারপ্রাইজ। এ ছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে স্টিলটেক, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আনোয়ার সিমেন্ট, সেজান, আনোয়ার সিমেন্ট শিট, ঢাকা ওয়াসা, বুয়েট, অ্যালটেক অ্যালুমিনিয়াম, এক্সপলয়েট ও প্রোফম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *