খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা সেতুর স্থান পরিদর্শনে চীনা প্রতিনিধি দল

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতুর স্থান পরিদর্শন করেছে চীনের একটি বিশেষ প্রতিনিধি দল। এ সেতুর ভিত্তিপ্রস্তর ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্থাপন করেন।

সোমবার (১ জুন) দুপুরে চীনা রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (CRBC)-এর একটি প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করে। পরে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠকে নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন, প্রস্তাবিত হাজীগঞ্জ–নবীগঞ্জ সেতু, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং পানি পরিশোধন প্লান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরবর্তীতে চীনা প্রতিনিধি দল হাজীগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর প্রস্তাবিত সেতুর নির্ধারিত স্থান ও পূর্ববর্তী ভিত্তিপ্রস্তর এলাকা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ.দা.) মো. আজগর হোসেন, নির্বাহী প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ ইসমাইল চৌধুরী এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

চীনা প্রতিনিধি দল সেতু প্রকল্প বাস্তবায়ন ও অন্যান্য নাগরিক অবকাঠামো উন্নয়ন বিষয়ে আগ্রহ প্রকাশ করে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তারা নারায়ণগঞ্জকে আধুনিক, পরিচ্ছন্ন ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাজীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর ওপর এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেতুটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ শহর ও বন্দর উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *