টাঙ্গাইল প্রতিনিধি:
গত সাত মাসে দেশে কোনো গুম, রাজনৈতিক কর্মী গ্রেপ্তার কিংবা নির্যাতনের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আহমেদ আযম খান বলেন, ‘বাংলাদেশের যে গণতান্ত্রিক পরিবেশ আছে—গত সাত মাসে একটা গুম হয়নি, একটা রাজনৈতিক কর্মী গ্রেপ্তার হয়নি। একটা অত্যাচারিত হওয়ার ঘটনাও ঘটেনি। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। বিরোধী দল, আপনারা গঠনমূলক রাজনীতি করুন, আমরা আপনাদের সহযোগিতা দেবো।’
তিনি বলেন, জনগণের ভোটে গঠিত জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্য তুলে ধরা উচিত। সব আন্দোলন, আলোচনা, সমস্যা ও ভুলত্রুটির কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘বিরোধী দল সেই আওয়ামী লীগের স্টাইলে বক্তব্য দিচ্ছে। তারা লংমার্চ করছে। লংমার্চ করে বলে, এই মুহূর্তে সরকারের পতন ঘটাবো। লংমার্চ করে বলে, আমরা খুব তাড়াতাড়ি এক দফার ঘোষণা দেবো। কিসের এক দফা, কিসের সরকারের পতন?’
বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, গত সাত মাসে বিএনপির কোনো সংসদ সদস্য কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে পারেননি। তাই উশৃঙ্খল আন্দোলনের পরিবর্তে গঠনমূলক রাজনীতির আহ্বান জানান তিনি।
আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। সরকার সেই লক্ষ্যেই কাজ করছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানিয়েছি। আসুন—বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, আর জ্বালাও-পোড়াও নয়। স্বাধীনতার ৫৫ বছর পার হয়েছে, এবার আমরা একটি গণতান্ত্রিক দেশ গড়তে চাই। আমরা অর্থনীতিকে পুনর্নির্মাণ করতে চাই। আমরা বিশ্ব দরবারে জাতিকে একটি সমৃদ্ধ জাতি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড় করাতে চাই।’
বিরোধী দলের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আপনারা গঠনমূলক রাজনীতি করুন। স্বাধীনতার ৫৫ বছর পর “মানি না, মানব না” ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বাদ দিন। নতুন বাংলাদেশে নতুন রাজনীতি করুন।’
তিনি আরও বলেন, বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কর্মসূচিতে আওয়ামী লীগের সময়কার রাজনৈতিক সুরের সঙ্গে মিল রয়েছে। এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও লংমার্চের কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতারা।