গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলি হামলার নিন্দা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলা এবং যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস।

এক বিবৃতিতে হামাস অভিযোগ করেছে, গাজা সিটির পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় এ ধরনের হামলা চুক্তির শর্ত লঙ্ঘনের প্রমাণ।

হামাসের বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, বোমা হামলা এবং সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে এবং যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

সংগঠনটি সতর্ক করে বলেছে, পরিস্থিতির আরও অবনতি হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার দায় ইসরায়েলকে নিতে হবে।

এদিকে সংকটময় পরিস্থিতিতে হামাস মধ্যস্থতাকারী দেশগুলো, যুদ্ধবিরতি চুক্তির গ্যারান্টার রাষ্ট্র এবং মার্কিন প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

হামাস আরও বলেছে, শুধু হামলা পর্যবেক্ষণ না করে ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে হবে। একই সঙ্গে হামলা সম্পূর্ণ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *