গাজী নজরুল জামায়াতের কেউ নন, মরিয়মের মৃত্যুর তদন্ত সরকারের দায়িত্ব

জ্যেষ্ঠ প্রতিবেদক:

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, গাজী নজরুল ইসলাম বর্তমানে জামায়াতের কেউ নন। তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার স্ত্রী কীভাবে মারা গেছেন, সে বিষয়ে তদন্ত করে দেখার দায়িত্ব সরকারের। এ ঘটনায় জামায়াতের কোনো বক্তব্য নেই।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ঢাকা পোস্টকে বলেন, এটি ব্যক্তিগত বিষয়। এ নিয়ে জামায়াতের বক্তব্য দেওয়ার কিছু নেই। তাছাড়া গাজী নজরুল জামায়াতের কেউ নন। ব্যক্তিগত কোনো অপরাধ বা ঘটনার তদন্তের দায়িত্ব সরকারের। এ বিষয়ে জামায়াতের কোনো বক্তব্য নেই।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দলের সদস্যদের ডাকা হয়েছে।

গাজী নজরুল ইসলাম জামায়াতে ইসলামীর মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সম্প্রতি এক তরুণীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

এরপর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *