গাজীপুরে ভাড়া বাসায় যুবকের মরদেহ উদ্ধার খোঁজ মিলছে না স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ কক্ষ থেকে শাহীন হোসেন (৩৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার রাজেন্দ্রপুর বাজার এলাকার একটি বহুতল ভবনের ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে তাঁর স্ত্রী আমেনা খাতুনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিহত শাহীন উপজেলার নয়াগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাজেন্দ্রপুর এলাকার একটি ভাড়া বাসায় স্ত্রী আমেনা খাতুনকে নিয়ে বসবাস করতেন শাহীন। মরদেহ উদ্ধারের পর থেকে আমেনার সন্ধান পাওয়া যাচ্ছে না। শাহীনের পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে।

শাহীনের বড় ভাই আজাহার আহমেদ জানান, সোমবার দুপুরে শাহীনের এক বন্ধুর কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পান তিনি। পরে ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে কক্ষের ভেতর থেকে শাহীনের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ঘরের বিছানায় পড়ে ছিল।

আজাহার আহমেদের দাবি, আমেনা খাতুনের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে শাহীনের মনোমালিন্য চলছিল। এ কারণে প্রায় পাঁচ মাস ধরে তিনি বাড়ির বাইরে ছিলেন। এ সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল না।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *