খসরু মৃধা:
গাজীপুরের পূবাইলে উচ্চ শব্দে কনটেইনারের বডি মেরামতের প্রতিবাদ করায় এক গৃহবধূ ও তার স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধূ রোকেয়া আক্তার কেয়া মঙ্গলবার পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১১ আগস্ট দুপুরে নগরীর মাজুখান পূর্বপাড়া এলাকায় ব্রাদার্স বডি বিল্ডার্স প্রতিষ্ঠানে উচ্চ শব্দে কাজ চলাকালে শব্দ কমানোর অনুরোধ করেন রোকেয়া। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক হোসেনসহ অজ্ঞাত ৭/৮ জন তাকে মারধর ও চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন বলে অভিযোগ করেন তিনি। স্ত্রীকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্বামী দিদার আহম্মেদও মারধরের শিকার হন। এ সময় অভিযুক্তরা দিদারকে আঘাত করে রক্তাক্ত জখম করেন।
পরে স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তারা স্বামী-স্ত্রী উভয়েই চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির মালিক মো. ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে। এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে পূবাইল থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আবাসিক এলাকায় শব্দদূষণ হয়—এ ধরনের প্রতিষ্ঠান দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।