গাবতলীতে হতদরিদ্র পরিবারের হাতে বকনা বাছুর ও চারা গাছ, স্বাবলম্বিতার স্বপ্ন বুনলেন এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান বাদরু

মোঃ আনজার শাহ

হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জে বিনামূল্যে বকনা বাছুর ও বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সহযোগী সংস্থা গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) ও সোসাইটি ফর ওন ভিলেজ অ্যাডভান্সমেন্ট (সোভা) এ কর্মসূচির আয়োজন করে।

লাঠিগঞ্জে জিবিএস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্র পরিবারের মাঝে বকনা বাছুর ও চারা গাছ বিতরণ করেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু।

বকনা বাছুর ও চারা গাছ হাতে পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ ও আশার ঝিলিক। আয়বর্ধক সম্পদ হিসেবে একটি বকনা বাছুর পরিবারের জন্য দীর্ঘমেয়াদি জীবিকার পথ খুলে দিতে পারে। পাশাপাশি চারা গাছ বিতরণের মধ্য দিয়ে পরিবেশ সুরক্ষা, সবুজায়ন ও টেকসই উন্নয়নের বার্তাও তুলে ধরা হয়।
এ সময় গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহযোগী সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, প্রান্তিক ও অসচ্ছল জনগোষ্ঠীকে উৎপাদনমুখী সম্পদ দিয়ে স্বাবলম্বী করে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য। একটি পরিবারের হাতে যখন একটি গবাদিপশু কিংবা ফলদ ও বনজ গাছের চারা পৌঁছে যায়, তখন তা কেবল সহায়তা হয়ে থাকে না; ভবিষ্যতের সম্ভাবনারও বীজ বপন করে।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকার ও সহযোগী বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে বিশ্ব বসতি দিবস উপলক্ষে জিবিএস কার্যালয়ের সামনের সড়কে দুটি গাছের চারা রোপণ করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরু ও বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এর মধ্য দিয়ে মানবিক সহায়তার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সহযোগী সংস্থা জিবিএস ও সোভা যৌথভাবে হতদরিদ্র ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মাঝে বকনা বাছুর ও চারা গাছ বিতরণের এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *