শিবগঞ্জ, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গনেশপুর গ্রামে এক গৃহবধূকে অশালীন মন্তব্য ও উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাড়িতে ঢুকে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। হামলায় ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।
এই ঘটনায় ভুক্তভোগী মোঃ মোস্তাকিম (২৩) বাদী হয়ে আজ ১৩ মার্চ (শুক্রবার) শিবগঞ্জ থানায় ফরিদ ও মোমিনসহ ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩–৪ দিন আগে বিবাদী ফরিদ ভুক্তভোগীর স্ত্রীকে বাড়ির সামনে একা পেয়ে আজেবাজে কথা ও অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করেন। বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছিল।
গত ১২ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকার সময় মোস্তাকিমের বাবা মাহফুজার রহমান বিবাদী ফরিদকে সামনে পেয়ে ঘটনার প্রতিবাদ করেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হলে স্থানীয়রা তাদের শান্ত করে বাড়িতে পাঠিয়ে দেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, পূর্বের ঘটনার জেরে একই দিন রাত ১০টার দিকে বিবাদী ফরিদ, মোমিন, স্বপন ও মিনারুলসহ একদল লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মোস্তাকিমের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের ওপর চড়াও হয় এবং ব্যাপক মারপিট শুরু করে। বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ সময় আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা বিবাদীগণ জোরপূর্বক ছিনিয়ে নেয় বলে অভিযোগকারী জানান।
ঘটনার সময় চিৎকার শুনে প্রতিবেশী মোঃ সফিকুল ইসলাম ও মোঃ বাবুসহ স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গভীর রাতে বাড়িতে ঢুকে হামলা ও টাকা ছিনতাইয়ের বিষয়টি এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।
এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।”
ভুক্তভোগী মোস্তাকিম বলেন, “আমার স্ত্রীকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে আমরা এখন জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”