মোঃ আনজার শাহ
(প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শন, পরশুরামে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের উদ্বোধনসহ ঠাসা কর্মসূচি; শেষ দিন বরুড়ায় গণসংযোগ)
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জাকারিয়া তাহের এমপি আজ বুধবার থেকে তিন দিনের সফরে ফেনী ও কুমিল্লা জেলায় যাচ্ছেন। ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এ সফরে তিনি প্রধানমন্ত্রীর ফেনী সফরের প্রস্তুতি পরিদর্শন করবেন এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একাধিক উন্নয়ন ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন। পরে নিজ নির্বাচনী এলাকা কুমিল্লার বরুড়ায় গণসংযোগ ও মতবিনিময় করবেন তিনি।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে ২৯ সেপ্টেম্বর (১৪ আশ্বিন ১৪৩৩) জারি করা সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রথম দিন: ফেনীতে প্রস্তুতি পরিদর্শন:
সফরসূচি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২টায় সড়কপথে বাংলাদেশ সচিবালয় থেকে ফেনীর উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। বেলা সাড়ে ৩টায় তিনি ফেনী সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ৪টা ৩০ মিনিটে ফেনায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সার্বিক প্রস্তুতি পরিদর্শন করবেন। রাত ১০টা ৩০ মিনিটে ফেনী সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন তিনি।
দ্বিতীয় দিন: প্রধানমন্ত্রীর সঙ্গে একাধিক অনুষ্ঠানে:
১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফেনী সার্কিট হাউস থেকে পরশুরাম উপজেলার উদ্দেশে যাত্রা করবেন মন্ত্রী।
দিনভর তাঁর কর্মসূচি নিম্নরূপ:
দুপুর ১২টা ৩০ মিনিট: পরশুরাম উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক খেয়াঘাট মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন এবং শুভেচ্ছা বিনিময় সভায় যোগদান।
দুপুর ১টা ১৫ মিনিট: ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা।
দুপুর ১টা ৩০ মিনিট: কলেজ প্রাঙ্গণে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী কর্তৃক বৃক্ষরোপণ অনুষ্ঠানে যোগদান।
দুপুর ২টা: ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় প্রধানমন্ত্রী কর্তৃক স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে যোগদান।
বিকেল ৩টা ৩০ মিনিট: ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গকে সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগদান।
বিকেল ৫টা ৩০ মিনিট: ফেনী থেকে কুমিল্লার বরুড়ার উদ্দেশে যাত্রা।
সন্ধ্যা ৬টা ৩০ মিনিট: সোনাইমুড়ীতে নিজ বাসভবনে উপস্থিত হয়ে রাত্রিযাপন।
শেষ দিন: বরুড়ায় গণসংযোগ:
২ অক্টোবর শুক্রবার দিনব্যাপী মন্ত্রী বরুড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময়, জনসংযোগ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন। রাত ১০টায় বরুড়া থেকে ঢাকার গুলশানস্থ বাসভবনের উদ্দেশে রওনা হয়ে রাত ১২টায় সেখানে পৌঁছাবেন তিনি।
নিরাপত্তা ও সঙ্গী কর্মকর্তা
সফরকালে মন্ত্রীর নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রথম দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা ও ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং দ্বিতীয় দিন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও ফেনীর জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন। শেষ দিন ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিরাপত্তা ও ব্যবস্থাপনায় থাকবেন।
সফরে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. তাজিরুল ইসলাম সঙ্গী হবেন। এ ছাড়া ক্লোজ প্রটেকশন অফিসার (সিপিও) হিসেবে এইচ এম সোহাগ রানা ও মো. শাহীন আলম দায়িত্ব পালন করবেন।
সফরসূচিতে স্বাক্ষর করেছেন মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ শের মাহবুব মুরাদ। প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিব, সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিভাগীয় কমিশনার, র্যাব ও এনএসআইয়ের মহাপরিচালক, ঢাকার পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাকে সফরসূচির অনুলিপি দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে ঢাকা, কুমিল্লা ও ফেনীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করতে পুলিশ ওয়্যারলেসের অফিসার ইনচার্জকেও অনুরোধ জানানো হয়েছে।