গোদনাইলে অটোমেটেড ভূমি সেবা ক্যাম্প অনুষ্ঠিত: ডিজিটাল সেবায় জনভোগান্তি লাঘবের ওপর জেলা প্রশাসকের গুরুত্বারোপ

নুরুজ্জামান সাউদ:

ভূমি ব্যবস্থাপনায় আধুনিকায়ন ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জের গোদনাইল ভূমি অফিসে অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত বিশেষ ‘ভূমি তথ্য সংগ্রহ ও সেবা ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গোদনাইল ইউনিয়ন ভূমি অফিসে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালিত হয়।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল ও ইউএনডিপি বাংলাদেশের যৌথ আয়োজনে এই ক্যাম্পে ভূমি-সংক্রান্ত তথ্য হালনাগাদ ও বিবিধ সংশোধনের বিষয়ে জনসাধারণকে সরাসরি ডিজিটাল সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির। পরিদর্শনকালে তিনি উপস্থিত সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রাপ্তির অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হন। এ সময় সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শামসাদ আরফিন স্বপ্নাসহ উপজেলা ও ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসক অটোমেশন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, এ ধরনের উদ্যোগের ফলে সাধারণ মানুষ এখন সহজেই কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই নিজেদের জমির তথ্য সংশোধন ও হালনাগাদ করার সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ভূমি সেবার প্রসারের মাধ্যমে একদিকে যেমন জনভোগান্তি কমছে, অন্যদিকে ভূমি-সংক্রান্ত তথ্যের নির্ভুলতা ও জবাবদিহিতা নিশ্চিত হচ্ছে।

সেবা ক্যাম্পে আগত নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করার পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি ও আইনি দিকনির্দেশনা দেওয়া হয়। সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেল ও গোদনাইল ভূমি অফিসের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই কার্যক্রমে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সন্তোষ লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির আরও জানান, ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যে ভবিষ্যতে জেলাজুড়ে এই ধরনের বিশেষ সেবা ক্যাম্প কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *