রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে চলতি মৌসুমে শীতকালীন সবজি টমেটো চাষে বড় ধরনের সংকটে পড়েছেন কৃষকরা। একসময় ‘টমেটোর ভাণ্ডার’ হিসেবে পরিচিত এই উপজেলায় এবার কাঙ্ক্ষিত ফলন না হওয়ায় চাষিদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
কৃষকদের অভিযোগ, নিম্নমানের বীজ ব্যবহারের কারণেই এ বছর টমেটোর আশানুরূপ ফলন হয়নি। অনেক ক্ষেতেই গাছে ফুল এলেও ফল আসেনি, আবার কোথাও ফল ঝরে পড়েছে। এতে করে চাষে বিনিয়োগ করা মোটা অঙ্কের টাকা ঘরে তোলা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তারা।
সরেজমিনে গোদাগাড়ীর মাছরা, গোপালপুর, গোগ্রাম হেলিপ্যাড, সাধুর মোড়, নবগ্রাম ও আমতলা এলাকা ঘুরে দেখা গেছে—অনেক জমিতে টমেটোর গাছ থাকলেও ফলন অত্যন্ত কম। কোনো কোনো কৃষক জানান, বিগত বছর যেখানে এক বিঘা জমি থেকে কয়েক টন টমেটো পাওয়া যেত, সেখানে এ বছর অর্ধেক ফলনও মিলছে না।
গোগ্রাম ধাতমা এলাকার টমেটো চাষি মোঃ রকি বলেন, “বীজ কিনতেই অনেক টাকা খরচ হয়েছে। সার, কীটনাশক ও শ্রমিক খরচ যোগ করে এখন বড় লোকসানের মুখে পড়েছি। ফলন না হলে সংসার চালানোই কঠিন হয়ে যাবে।”
আরেক চাষি জানান, বাজারে ভালো মানের বীজের অভাবে অনেকেই প্রতারিত হয়েছেন। সরকারি পর্যায়ে বীজের মান তদারকি ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা না পেলে ভবিষ্যতে টমেটো চাষে আগ্রহ হারাবেন তারা।
এ বিষয়ে স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে মাঠপর্যায়ে তদন্ত করে বীজের মান যাচাই ও কৃষকদের পরামর্শ দেওয়া হবে।
এদিকে ফলন কম হওয়ায় গোদাগাড়ীর টমেটো চাষিদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দিন দিন বাড়ছে।