মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:
কক্সবাজারের চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন বৈঠক পণ্ড করার দাবি করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের ১৪টি মোটরসাইকেল।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উলুবুনিয়া বওনাঘোনা এলাকায় মালুমঘাট মহাসড়কসংলগ্ন কামাল চেয়ারম্যানের মাছের প্রকল্পে এ অভিযান চালানো হয়।
চকরিয়া থানা-পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সেখানে ৩ নভেম্বর জেলহত্যা দিবস পালনের আড়ালে একটি গোপন সভা চলছে। এতে চকরিয়া ও মাতামুহুরী এলাকার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়েছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রের প্রস্তুতির অংশ হিসেবে তাঁরা সেখানে জড়ো হয়েছিলেন বলে দাবি পুলিশের।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এজাহারনামীয় ১০০ জনসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও ইটের টুকরা নিয়ে পুলিশের ওপর চড়াও হন। তাঁরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশকে ধাওয়া করেন। পরে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে এলাকা ঘিরে ফেলেন। এ সময় পালানোর চেষ্টাকালে নয়জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইমতিয়াজ আহাম্মেদ আবতাহি (২০), নাজমুল হক (২১), সাকিবুর রহমান (২১), মো. নেজাম উদ্দিন (৩৪), রায়হান উদ্দিন (৩০), ইলিয়াছ উদ্দিন (১৯), জসিম উদ্দিন বাবুল (৪২), রবিউল হোসেন (২৮) ও রেজাউল করিম টিটু (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শকের দিকনির্দেশনায় কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের তত্ত্বাবধানে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজ এবং চকরিয়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।