চট্টগ্রামে কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৪৪৫

নিজস্ব প্রতিবেদক:

কিশোর অপরাধ প্রতিরোধ ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে চট্টগ্রাম জেলার ১৭টি থানার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। এ অভিযানে মোট ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন পাড়া-মহল্লা, বাজার, রেলস্টেশন, মাঠ, পরিত্যক্ত ও নির্জন স্থানসহ কিশোরদের আড্ডার সম্ভাব্য স্থানগুলোতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় বিভিন্ন স্থানে আড্ডারত ও সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত কিশোরদের শনাক্ত করে জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করা হয়। এ সময় ৩৫৪ জন কিশোরকে থানায় নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় ২৯৩ জনকে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, অপরাধে সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় ৬১ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৯১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে বিশেষ অভিযানে ৪৪৫ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, অভিযান শেষে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি বলেন, সন্তান কখন, কোথায় এবং কার সঙ্গে সময় কাটাচ্ছে, কোথায় যাচ্ছে এবং নির্ধারিত সময়ে বাড়িতে ফিরছে কি না—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে। পাশাপাশি সন্তানদের পড়াশোনা, চলাফেরা, বন্ধুবান্ধব এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়েও নজরদারি করতে বলা হয়েছে।

অভিভাবকদের সন্তানদের মাদক ও অপরাধপ্রবণ পরিবেশ থেকে দূরে রাখার পাশাপাশি তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল আরও বলেন, কিশোর অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে কিশোরদের অপরাধপ্রবণতা থেকে দূরে রেখে সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *