কামরুল ইসলাম:
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৬০০ পিস ইয়াবাসহ মো. সোহেল (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিয়াখান নগর এলাকার ময়দার মিল মোড়সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর) পুলিশের পরিদর্শক আফতাব হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও একটি বিদেশি পিস্তল বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলে থাকা একটি আইফোনের বক্স থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া স্টিলের আলমারির ড্রয়ার থেকে একটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ) এবং এক রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।