মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিআইডব্লিউটিএ ভবন পরিদর্শনে গিয়ে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে সড়ক ও নৌপথে নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, “চাঁদাবাজির নির্দিষ্ট তথ্য পেলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। সাংবাদিকরা অনেক সময় বড় গোয়েন্দার ভূমিকা রাখেন—আপনারা তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন।”
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে। মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোনো ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, ট্রাফিক বিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও আনসার—সবাই মাঠে থাকবে। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গণমাধ্যমকেও অনুসন্ধানী তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি। তিনি আশা প্রকাশ করেন, ঈদযাত্রা হবে আরও স্বস্তিদায়ক ও নিরাপদ এবং অনিয়ম ও কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
এছাড়া নদীপথে দূষণ ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও জানান। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা নারায়ণগঞ্জ ডাবল লাইন প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন তিনি।
এদিন বাজারে নিত্যপণ্যের অস্থিরতার পেছনে লাইটারেজ জাহাজে পণ্য মজুদের অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট টার্মিনাল এলাকা পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রী। তিনি বলেন, “লাইটার জাহাজে নির্ধারিত সময়ে মালামাল খালাস না করে গম স্টোর করা হয়েছে—এতে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হতে পারে। আমরা কিছু প্রমাণ পেয়েছি এবং আইনভঙ্গের বিষয় থাকলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, টার্মিনালের একটি প্রকল্প বন্ধ আছে। আমরা নিজস্ব অর্থায়নে প্রয়োজনীয় কাজ করে সেটিকে কার্যকর করার চেষ্টা করছি।
এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এবং নৌমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।