চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

মোঃ মাহমুদুল হাসান:

গোপালগঞ্জসহ দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের অভিযোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী। জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরী আমির ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুস সবুর, জেলা নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মুখলেসুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ আমানুল্লাহ ও মাওলানা ওমর ফারুক, জেলা সাংগঠনিক সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির অধ্যাপক গোলাম কবির এবং পৌরসভা আমির অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আওয়ামী লীগপ্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রচেষ্টা কখনোই বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগের জনশক্তিকে সক্রিয় রাখতেই শেখ হাসিনা এ ধরনের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে জুলাই আন্দোলনের মতো ছাত্র-জনতা আবারও দেশকে স্থিতিশীল করতে মাঠে নামবে।

সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি পৌর পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *