চাঁপাইনবাবগঞ্জে নবজাতক উদ্ধার তত্ত্বাবধানে রাখল সমাজসেবা বিভাগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানের বালুর স্তূপ থেকে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামের মৃত ইয়াসিন হাজির আমবাগান থেকে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা দেন। বর্তমানে শিশুটি স্থানীয় এক ব্যক্তির আশ্রয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আমবাগানের পাশের বালুর স্তূপে কয়েকটি শিশু খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিল। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি বালুর ওপর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পান।

নবজাতককে এভাবে পড়ে থাকতে দেখে তিনি দ্রুত পাশের বাড়ির বাসিন্দা গোলাপ হোসেনকে বিষয়টি জানান। পরে গোলাপ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসা শেষে শিশুটিকে গোলাপ হোসেনের কাছে হস্তান্তর করা হয়। পরে একজন নারীর তত্ত্বাবধানে শিশুটির দেখাশোনার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কে বা কারা নবজাতকটিকে আমবাগানের বালুর স্তূপে ফেলে গেছে, কী কারণে এমন ঘটনা ঘটেছে—তা এখনো জানা যায়নি। শিশুটির পরিচয় ও পরিবারের সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়।

শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, শিশুটির বিষয়ে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ডের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিশুটিকে একজন নারীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

উদ্ধার হওয়া নবজাতকের নিরাপত্তা, যথাযথ পরিচর্যা এবং ভবিষ্যৎ আশ্রয়ের বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *