চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পিএনএস সাইফ

 মোহাম্মদ সোহেল 

বাংলাদেশ-পাকিস্তান নৌবাহিনীর বন্ধুত্বের নতুন দিগন্ত

চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘পিএনএস সাইফ’। শুক্রবার সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরে নোঙর করলে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা।

জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন সুজাত আব্বাস রাজা’র নেতৃত্বে আগত নৌবহরকে স্বাগত জানান কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের প্রতিনিধি, চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌবাহিনীর সদস্যরা।

এর আগে, জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে তাদের অভ্যর্থনা জানায়।

নৌবাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই শুভেচ্ছা সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে আরও জোরদার করবে। সফরকালে উভয় দেশের নৌ সদস্যদের মধ্যে বিভিন্ন পেশাগত বিনিময়, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নৌবাহিনী বিশ্বাস করে, এই সফর ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও সামুদ্রিক নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *