মোঃ মশিউর রহমান:
চিকিৎসাসেবা নিতে এসে কোনো রোগী যেন চিকিৎসকদের অবহেলার কারণে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। একই সঙ্গে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ (টামেক) হাসপাতালের সম্মেলনকক্ষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইল জেলায় প্রায় ৫০ লাখ মানুষের বসবাস। এত বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলায় একটি জেনারেল হাসপাতাল ও একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে। জেনারেল হাসপাতালের সেবার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়েও কাজ করার চেষ্টা চলছে।
তিনি বলেন, সেবার মানের দিক থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের প্রতি মানুষের আস্থা রয়েছে। ঢাকার হাসপাতালগুলোর পাশাপাশি টাঙ্গাইল থেকেও উন্নত চিকিৎসাসেবা পাওয়া সম্ভব বলে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা ইতিবাচক। এ আস্থা ধরে রাখতে হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত করা প্রয়োজন।
প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালের সেবার মান বাড়াতে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সবাই আন্তরিকভাবে সম্মিলিত প্রচেষ্টা চালালে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব হবে। চিকিৎসকদের অবহেলার কারণে কোনো রোগীর যেন ক্ষতি না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও যত্নশীল থাকতে হবে।
সভায় হাসপাতালের বিদ্যমান জনবল সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি সেবার মান উন্নয়ন, অনিয়মের অভিযোগ গ্রহণ এবং জবাবদিহি নিশ্চিত করতে হাসপাতালে স্বচ্ছ অভিযোগ বক্স স্থাপনের নির্দেশ দেন তিনি।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চিকিৎসক ও অন্যান্য কর্মচারীর সংকট, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সরবরাহ, রোগীদের পরীক্ষা-নিরীক্ষার মান, ওয়ার্ডের পরিবেশ, খাবারের মান এবং চিকিৎসকদের যথাসময়ে হাসপাতালে উপস্থিতি নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া হাসপাতাল থেকে দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ, হাসপাতালের প্রধান ফটকের সামনে অবৈধ দোকান উচ্ছেদ, অবকাঠামোগত সমস্যার সমাধান, টয়লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে ফরেনসিক বিভাগ চালু এবং অ্যাম্বুলেন্স সেবার মানোন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। পরে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস স্বাগত বক্তব্য দেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে একটি উপস্থাপনা তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ডা. আব্দুল মতিন।
এ ছাড়া সভায় চিকিৎসক, সাংবাদিক এবং বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফখরুল আমিন বাদল।