চুয়াডাঙ্গায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

মোঃআনজার শাহ

গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর ২০২৬) আলমডাঙ্গায় গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে দলটির জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপির এক নেতাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ (জিওপি), চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্যসচিব ইঞ্জিনিয়ার ইবনুর রশীদ মাশুক, যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার ও নাসির উদ্দিন, যুব অধিকার পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান হিরন এবং ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ভিক্টর। এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় তাঁতী দলের নির্বাহী সদস্য রবিউল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলা, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটির ভূমিকা তুলে ধরেন।

বক্তারা বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅধিকার পরিষদের রাজনৈতিক পথচলার সূচনা। প্রতিষ্ঠার পর থেকে দলটি জনগণের ন্যায্য দাবি আদায় ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে সক্রিয় ভূমিকা রেখে আসছে। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানেও দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে তাঁরা উল্লেখ করেন।

তাঁরা আরও বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়ানো এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রত্যয় নিয়ে গণঅধিকার পরিষদ ভবিষ্যতেও কাজ করে যাবে। জনগণের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *