স্পোর্টস ডেস্ক:
চলতি মৌসুমে দারুণ ফর্মে রয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। তবে এর মধ্যেই দুঃসংবাদ পেয়েছে কাতালান ক্লাবটি। রেসিং সান্তান্দারের বিপক্ষে ৭-২ গোলের বিশাল ব্যবধানে জয়ের ম্যাচে চোট পাওয়া গোলরক্ষক জোয়ান গার্সিয়া প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছে না হান্সি ফ্লিকের দল।
রেসিং সান্তান্দারের বিপক্ষে বুধবারের ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই হাঁটুর সমস্যায় পড়েন জোয়ান গার্সিয়া। বিরতির পর তাকে আর মাঠে নামাননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তার জায়গায় গোলবারের নিচে নামেন অভিজ্ঞ গোলরক্ষক উয়োইচেখ চেচনি। ম্যাচটি শেষ পর্যন্ত ৭-২ গোলে জেতে বার্সেলোনা।
ম্যাচের পর গার্সিয়ার হাঁটুতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বার্সেলোনা প্রাথমিকভাবে জানিয়েছিল, তার হাঁটুতে হালকা অস্বস্তি রয়েছে। তবে পরবর্তী পরীক্ষায় জানা যায়, ডান হাঁটুর মেনিস্কাসে চোট পেয়েছেন এই গোলরক্ষক।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে গার্সিয়াকে। ফলে শনিবার সেভিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ তো মিস করবেনই, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে স্পেনের ম্যাচেও তাকে পাওয়া যাবে না।
গার্সিয়ার চোটটি অবশ্য গত মৌসুমে অস্ত্রোপচার করা হাঁটুর নয়। এবার সমস্যা হয়েছে ডান হাঁটুতে, যা বার্সেলোনার জন্য কিছুটা স্বস্তির খবর।
গার্সিয়ার অনুপস্থিতিতে গোলবার সামলানোর দায়িত্ব পেতে পারেন চেচনি। চলতি মৌসুমে তাকে দলের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক হিসেবে নিশ্চিত করেছেন ফ্লিক। রেসিং সান্তান্দারের বিপক্ষে একটি গোল হজম করলেও চেচনির ওপর আস্থা রেখেছেন বার্সা কোচ।