ছেলে হত্যার বিচার চেয়ে মায়ের আহাজারিতে মানববন্ধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

ফতুল্লা, নারায়ণগঞ্জ: ফতুল্লায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলায় নিহত সাব্বিরের হত্যার বিচারের দাবিতে তার মা ও আত্মীয়স্বজন নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণের সামনে মানববন্ধন করেছেন।

রবিবার (২৯ মার্চ) দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে নিহত সাব্বিরের মা মাদক ব্যবসায়ী সোহাগ, রোমান, সেলিম, রাকিবসহ সকল হত্যাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। এ সময় ফতুল্লা থানার নয়ামাটি, কুতুবপুর ও লামাপাড়া এলাকার স্থানীয়রা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সাব্বিরের মা আবেগময় কণ্ঠে বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা আমার সন্তানকে বাড়ি থেকে ডেকে নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি তাদের শাস্তি চাই। আমি চাই তারা ফাঁসিতে ঝুলুক। প্রধানমন্ত্রী ও দেশবাসীর কাছে আমার আবেদন, আমার ছেলের হত্যার সুষ্ঠু বিচার করুন।” তিনি আরও যোগ করেন, “আমার সন্তান কোনো অপরাধ করেনি, শুধু মাদকের বিরুদ্ধে কথা বলেছিল। এটাই কি তার অপরাধ? টাকা-পয়সার বিনিময়ে আইন তাদের দোষীদের হাতে ক্ষমা দিয়ে দিচ্ছে, কিন্তু আল্লাহ একজন আছেন, তিনি সঠিক বিচারক। আমি শুধু তার কাছে ন্যায় চেয়েছি।”

মানববন্ধনে লামাপাড়া, কুতুবপুর, নয়ামাটি সহ আশপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন এবং এ হত্যার বিচারের জন্য দৃঢ়তার সঙ্গে সহমত প্রকাশ করেন।

এ ঘটনায় স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন যে বিচার না হলে ভবিষ্যতে মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে সাধারণ মানুষ আরও বেশি ঝুঁকিতে পড়বেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *