চট্টগ্রাম প্রতিনিধি :কু-চক্রীমহলের অপপ্রচার, জঙ্গল সলিমপুর নিয়ে কোনো সম্পৃক্ততা নেই: আসলাম চৌধু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপি নেতা ও চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী।
মঙ্গলবার (২ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি জোর দিয়ে জানান, জঙ্গল সলিমপুরের কোনো গ্রুপ বা গোষ্ঠীর সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই এবং বিএনপির কোনো নেতা-কর্মীও সেখানে সংঘটিত অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নয়।
আসলাম চৌধুরী আরও বলেন, ২০১৪ সালের ২০ আগস্ট কারামুক্তির পর তিনি ব্যক্তিগতভাবে একবারও ওই এলাকায় যাননি। বিশেষত জাতীয় সংসদ নির্বাচনের পরও তিনি সেখানে যাননি বলে উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, স্বার্থান্বেষী একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, যা রাজনৈতিকভাবে তাকে হেয় করার অপচেষ্টা।
বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সরকার জঙ্গল সলিমপুর এলাকায় বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এসব পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, তাদের কঠোর তৎপরতায় এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হবে এবং অপরাধীদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি জঙ্গল সলিমপুরকে সম্পূর্ণ সন্ত্রাস ও দখলমুক্ত করতে সরকারের সকল ইতিবাচক উদ্যোগে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
