
মোঃরাসেল স্টাফ রিপোর্টার
বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলার দীর্ঘদিনের তীব্র বিদ্যুৎ সংকট ও জনদুর্ভোগ নিরসনে কক্সবাজারের চকরিয়ায় নির্মিত ১৩২/৩৩ কেভি গ্রিড সাব-স্টেশনটি দ্রুততম সময়ের মধ্যে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যানকে তাৎক্ষণিকভাবে এই নির্দেশনা প্রদান করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়ায় নির্মিত এই গ্রিড সাব-স্টেশনটি দীর্ঘদিন ধরে চালু না হওয়ায় লামা ও আলীকদম উপজেলার বাসিন্দারা নিয়মিত চরম বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের শিকার হচ্ছেন। বর্তমানে এই দুর্গম পাহাড়ি এলাকার লাখো মানুষের বিদ্যুৎ চাহিদা পূরণে চকরিয়া গ্রিডটি সচল করাই একমাত্র স্থায়ী সমাধান।মতবিনিময় সভায় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জনাব জাবেদ রেজা স্থানীয় জনগণের পক্ষে এই সংকটময় পরিস্থিতি প্রতিমন্ত্রীর নজরে আনেন। তিনি জানান, চকরিয়া সাব-স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু হলে বান্দরবান জেলার বৃহত্তম এই দুই উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট অনেকটাই দূর হবে। ভৌগোলিক দূরত্ব এবং দুর্বল সঞ্চালন লাইনের কারণে স্থানীয় জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।উপস্থিত সুধীজন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য আমলে নিয়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চকরিয়া গ্রিড সাব-স্টেশনটি দ্রুততম সময়ের মধ্যে সচল করতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানকে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর এই তাৎক্ষণিক পদক্ষেপে দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধানের আশা দেখছেন স্থানীয় সাধারণ গ্রাহকেরা।