আতাউল্লাহ আল আহাদ:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রোববার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে তাঁর অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৮০তম সভায় (বিশেষ সভা) এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, বহিঃসদস্য ও সংশ্লিষ্ট শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
পাঁচ ইউনিটে ভর্তি পরীক্ষা
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পাঁচটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ইউনিট-A, কলা ও আইন অনুষদভুক্ত ইউনিট-B, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ইউনিট-C, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ইউনিট-D এবং চারুকলা অনুষদভুক্ত ইউনিট-E।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ইউনিট-A-এর ভর্তি পরীক্ষা হবে ১ জানুয়ারি ২০২৭, ইউনিট-E-এর ৮ জানুয়ারি, ইউনিট-B-এর ১৫ জানুয়ারি, ইউনিট-C-এর ২২ জানুয়ারি এবং ইউনিট-D-এর ভর্তি পরীক্ষা হবে ২৩ জানুয়ারি ২০২৭।
সব ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবার সব ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার পদ্ধতি হবে এমসিকিউ (MCQ)।
এ ছাড়া ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের একাডেমিক কার্যক্রম ৪ এপ্রিল ২০২৭ থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নির্ধারিত সময় অনুযায়ী অনলাইন আবেদন, ভর্তি পরীক্ষা ও পরবর্তী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।