জলঢাকায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নবদম্পতির মৃত্যু

জেলা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পলাশ রায় (২২) ও তার স্ত্রী মনি রানি (১৯) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের দক্ষিণ গোমনাতি এলাকার মৃত হিরম্ব রায়ের ছেলে পলাশ রায় এবং জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ ডাঙ্গাপাড়া এলাকার মিন্টু চন্দ্র রায়ের মেয়ে মনি রানি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পলাশ রায়ের সঙ্গে মনি রানির বিয়ে হয়। রোববার সন্ধ্যায় পলাশ তার স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ডোমার থেকে জলঢাকার কালিগঞ্জ ডাঙ্গাপাড়ায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে তারা কালিগঞ্জ দিঘিরপাড় এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা পলাশ ও মনি রানি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর পিকআপভ্যানটি আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *