জলসিঁড়ির বিলাসবহুল বাড়িতে দুদকের হানা, জিয়াউল আহসানের সম্পদ নিয়ে বেরিয়ে আসছে নতুন তথ্য!

নিজস্ব প্রতিনিধি: সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২০ জুলাই) সকালে দুদকের একটি বিশেষ টিম বাড়িটিতে অভিযান শুরু করে।

দুদকের মুখপাত্র তানজীর আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাড়িতে থাকা বিভিন্ন মালামালের তালিকা প্রস্তুত ও জব্দ করার কার্যক্রম চলছে।

জিয়াউল আহসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ পাচার এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এর আগে, গত ৭ জানুয়ারি দুদকের আবেদনের পর আদালতের নির্দেশে তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। গণ-অভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে রয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে প্রায় ২২ কোটি ২৭ লাখ ৭৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া অনুমোদিত সীমা অতিক্রম করে ৫৫ হাজার মার্কিন ডলার জমা রাখার অভিযোগও রয়েছে।

অভিযোগে আরও বলা হয়, তাঁর আটটি ব্যাংক হিসাবে প্রায় ১২০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এসব অর্থ স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থানান্তর, হস্তান্তর এবং রূপান্তর করা হয়েছে বলে এজাহারে দাবি করা হয়েছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা হিসেবে নিজের পদমর্যাদা ও ক্ষমতার অপব্যবহার করে তিনি দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

উল্লেখ্য, জিয়াউল আহসান সর্বশেষ জাতীয় টেলিযোগাযোগ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ হাসিনা সরকারের সময়ে প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত এই কর্মকর্তাকে সরকার পতনের পরদিন, ২০২৪ সালের ৬ আগস্ট চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *