জাতীয় সংসদে গঠনমূলক রাজনীতির আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।

রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, সংসদে বিরোধী দলকে বারবার আহ্বান জানানো হয়েছে—বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, জ্বালাও-পোড়াও নয়। গণতন্ত্রে বিশ্বাস রেখে বিরোধী দলকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানান তিনি।

বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, তাদের যত কথা রয়েছে, তা জাতীয় সংসদে তুলে ধরতে হবে। সব আলোচনা, ভুলত্রুটি এবং সমাধানের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হওয়া উচিত। এর মাধ্যমে সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহকর্মীরাও দেশের জন্য কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *