জামায়াত ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেবে: আবদুল আউয়াল মিন্টু

নিজস্ব প্রতিনিধি: জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করবে বলে মন্তব্য করেছেন ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দাগনভূঞা পৌরসভা এলাকার দুলামিয়া কটনমিলে মুক্তিযোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। অন্যথায় বাংলাদেশ ইরাক, লিবিয়া, সুদান ও আফগানিস্তানের মতো ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে পারে।

তিনি দেশ রক্ষায় দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করার কথা বলেন তিনি।

জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচারের অভিযোগ তুলে মিন্টু বলেন, সম্প্রতি সারাদেশে জামায়াতের প্রচারণা নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তার দাবি, বিএনপির প্রার্থীদের জনপ্রিয়তায় ভীত হয়ে জামায়াত তাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, জামায়াত বিনা ভোটে নির্বাচিত হওয়ার চেষ্টা করছে। আগামী নির্বাচনের পর তাদের কোথাও মেম্বার পদেও নির্বাচিত হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন তিনি।

এ সময় এলাকার উন্নয়নে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী সমাজ ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির এই প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *