জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সজলের মাকে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সজলের মা রুমা বেগমের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। আর্থিক সংকটের কথা জানিয়ে একটি ইলেকট্রিক সেলাই মেশিনের আবেদন করলে মানবিক বিবেচনায় দ্রুত সেটি প্রদান করা হয়।

জানা যায়, রুমা বেগম সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন-এর জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির-এর কাছে লিখিত আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পরিবার বর্তমানে চরম আর্থিক কষ্টে দিনযাপন করছে। সংসারের ব্যয় নির্বাহ করা তার পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

তিনি আরও জানান, সংসারের ব্যয় বহন ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই কাজের মাধ্যমে আয় করতে চান। একটি ইলেকট্রিক সেলাই মেশিন পেলে ঘরে বসেই কাজ করে পরিবারের ভরণ-পোষণে সহায়তা করতে পারবেন এবং ধীরে ধীরে স্বনির্ভর হয়ে উঠতে সক্ষম হবেন।

রুমা বেগমের আবেদন বিবেচনা করে জেলা প্রশাসক মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দ্রুত একটি ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দেন। ২৪ ফেব্রুয়ারি, সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে সেলাই মেশিনটি তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হুসাইন, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব জাবেদ আলমসহ রুমা বেগমের পরিবারের সদস্যরা।

উপহার গ্রহণকালে রুমা বেগম জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তা নয়, বরং একজন শহীদ পরিবারের সদস্যকে স্বনির্ভর করে তোলার একটি মানবিক প্রয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *