এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানায় বিশেষ অভিযানে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাদিম হায়দার চৌধুরীর তত্ত্বাবধান ও নির্দেশনায় জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হকের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জিশান আহম্মেদ, পিপিএম-সেবা, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় নিয়মিত অভিযান ও ডিউটি পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৭ জানুয়ারি ২০২৬ খ্রি.) ভোর আনুমানিক ৬টা ৩৫ মিনিটে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অবস্থিত উত্তরা বাস স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘রিলাক্স’ নামের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা-মেট্রো-ব-১৫-৯৪৮৮।
তল্লাশিকালে বাসটির সুপারভাইজার জাকির হোসেন (৪৩)-এর আচরণ সন্দেহজনক হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০০ (সাতশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার নাম জাকির হোসেন (৪৩) বলে স্বীকার করেন। তিনি গণি মিয়ার ছেলে ও আফিয়া বেগমের সন্তান। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সস্তাপুর (প্রধান বাড়ি) গ্রামে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, জোরারগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় মাদক পাচার রোধে পুলিশের এ ধরনের অভিযান জনমনে স্বস্তি ফিরিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত তৎপরতা অব্যাহত থাকলে মাদক চক্র দমন সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।