জ্বালানি তেলের সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণে সদর উপজেলা প্রশাসনের অভিযান

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জ্বালানি তেলের যথাযথ সরবরাহ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রশাসনের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সদর উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন নিজে অভিযান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রতিটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মজুদ, বিপণন কার্যক্রম এবং বিক্রয় সংক্রান্ত তথ্য যাচাই করা হয়। প্রশাসন নিশ্চিত হওয়ার চেষ্টা করে কেউ অবৈধভাবে তেল মজুদ করছে কিনা। এ লক্ষ্যে গোদনাইল এলাকায় অবস্থিত দুটি ট্যাংকলরিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় দেখা যায়, সাহারা ট্রেডিংয়ে তেলের মজুদ ও বিক্রয়ের তথ্য সঠিকভাবে সংরক্ষণ করা হয়নি। স্টক রেজিস্টারের সঙ্গে রিজার্ভ তেলের মজুদের তথ্যের মিলও খুঁজে পাওয়া যায়নি। এজন্য সাহারা ট্রেডিংকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিকসহ পুলিশ ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন। নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন জানান, এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে যাতে জনগণ সহজে জ্বালানি তেল পায় এবং কোনো ধরনের তেল মজুদ বা অবৈধ বিক্রি রোধ করা যায়।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সকল ফিলিং স্টেশনকে স্বচ্ছ ও নিয়মিতভাবে মজুদের তথ্য প্রদান করতে হবে। প্রশাসন তদারকিতে কোন কমতি থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *